মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতদের মধ্যে নয়জন বন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী রয়েছেন। ওই দর্শনার্থী স্বজনের সঙ্গে দেখা করতে কারাগারে গিয়েছিলেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সিনালোয়া অঙ্গরাজ্যের মাজাতলান শহরের ‘এল কাস্টিলো’ (El Castillo) কারাগারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সিনালোয়া জননিরাপত্তা সচিবালয় জানায়, কারাগারের ভেতরে হঠাৎ ছড়িয়ে পড়া সংঘর্ষে ১০ জন নিহত হন। আহত ১৬ বন্দিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এক ভিডিও বার্তায় সিনালোয়ার জননিরাপত্তা সচিব সিনুহে তেলেস জানান, নিহত ও আহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে সমাজকল্যাণ বিভাগের কর্মীরা যোগাযোগ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে কারাগারের অন্য বন্দিরা নিরাপদে রয়েছেন বলে দাবি করেন তিনি।
ঘটনার পর বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল কারাগারে বিশেষ অভিযান শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিরাপত্তা জোরদার করতে কারাগার এলাকায় অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্য শক্তিশালী ‘সিনালোয়া কার্টেল’-এর অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ও মাদক পাচারকেন্দ্রিক সংঘাতের জন্য পরিচিত। উচ্চ নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর যে ছয়টি অঙ্গরাজ্যে ভ্রমণ না করার সতর্কতা জারি করেছে, সিনালোয়া তার একটি।
তবে কারাগারে সংঘর্ষের পেছনে মাদক কার্টেলের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে স্থানীয় কর্মকর্তারা স্পষ্ট করে কিছু জানাননি।
























