ঢাকায় ডিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫১টি মামলা করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১২৪ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩২ জন এবং রমনা বিভাগে ২১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।























