ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিতের প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
দুই পাইলটের মারামারির ঘটনায় ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারানোর পর সেটিকে ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল। এ জন্য দেশটি যুদ্ধবিমানও প্রস্তুত রেখেছিল। তবে উড়োজাহাজটি সৌদি আরবের দিকে ঘুরে যাওয়ায় শেষ পর্যন্ত যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি।
ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানায়, নাইন-ইলেভেনের মতো সম্ভাব্য হামলা ঠেকাতে ইসরায়েলের দীর্ঘদিনের একটি প্রোটোকল রয়েছে। উড়োজাহাজটি হঠাৎ ১৪ হাজার ফুট নিচে নেমে যাওয়ার পর ওই প্রোটোকল অনুযায়ী ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কোনো সাড়া পাওয়া যায়নি।
এরপর দ্রুত বৈঠক ডেকে কমান্ড সেন্টার স্থাপন এবং যুদ্ধবিমান প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নিজেদের আকাশসীমাও বন্ধ করে দেয় ইসরায়েল।
উড়োজাহাজটি ইসরায়েল থেকে প্রায় ৪০০ মাইল দূরে থাকা অবস্থায় কর্তৃপক্ষ বুঝতে পারে, সেটি সৌদি আরবের দিকে ঘুরে যাচ্ছে। এরপর ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরবও যুদ্ধবিমান প্রস্তুত করেছিল বলে জানায় সূত্রগুলো।
সিবিএসকে সূত্রগুলো আরও জানায়, ফ্লাইটটি ইসরায়েলের দিকে এগিয়ে এলে এবং নির্দিষ্ট দূরত্বের মধ্যে চলে আসলে তদন্তের জন্য ইসরায়েলি যুদ্ধবিমান জর্ডানের আকাশসীমায় প্রবেশ করত।
উড়োজাহাজটি ছিনতাই করা হয়েছে বলে নিশ্চিত হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করা হতো। কারণ, উড়োজাহাজ ভূপাতিত করার নির্দেশ দেওয়ার ক্ষমতা কেবল প্রধানমন্ত্রীর রয়েছে।
সূত্রগুলোর ভাষ্য, ছিনতাই হওয়া উড়োজাহাজকে বেন গুরিয়ন বিমানবন্দর, তেল আবিবের আজরিয়েলি টাওয়ার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আছড়ে পড়তে দেওয়ার চেয়ে আকাশেই সেটিকে বিধ্বস্ত করা বেশি নিরাপদ বলে বিবেচনা করা হয়েছিল।
গত সপ্তাহে ফ্লাইদুবাইয়ের ১০৭৩ নম্বর ফ্লাইটে দুই পাইলটের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওমানি কো-পাইলট হামাম আল-হামামি ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের ওপর হামলা করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে স্মিত ককপিটের দরজা খুলে দেন। পরে কয়েকজন ক্রু ও যাত্রী ককপিটে ঢুকে হামামকে পরাস্ত করেন।
এরপর ফ্লাইটে থাকা অফ-ডিউটি দুই পাইলট উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন। পরে সেটি সৌদি আরবের তাবুক শহরে জরুরি অবতরণ করে।























