স্থানীয় নির্বাচনে কোনো দল সরাসরি অংশ নিচ্ছে না: তথ্য উপদেষ্টা
আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক হবে।
মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকারের প্রধান পদগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন হতো। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে না।
তিনি বলেন, ‘এখানে প্রার্থীরা ব্যক্তিস্বাতন্ত্র্য নিয়ে নির্বাচন করবেন। ফলে কে কোনো দলের, তা মুখ্য নয়।’
অতীতের মতো সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, ‘উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় নির্বাচন অংশগ্রহণমূলক হতে বাধ্য।’
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার আহ্বান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায়। এ বিষয়ে ভারত সরকারকে বারবার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে হলে শেখ হাসিনার বিষয়ে ভারতকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়ও এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে কার্যকরভাবে কাজ করার ক্ষেত্রে এসব বিষয় ভারতকে বিবেচনায় নেওয়া উচিত বলে তিনি হাইকমিশনারকে জানিয়েছেন।

























