যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার রাতে উত্তর ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলি লেগেছে বলে জানা গেছে।
এর আগে গুলিবিদ্ধ অবস্থায় মো. জাকারিয়াকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি উত্তর ধলপুরের ৫৪/এ নম্বরে। তার বাবার নাম সফর আলী।
আহত জাকারিয়া জানান, উত্তর ধলপুর এলাকায় ৬ থেকে ৭ জন হেলমেট পরিহিত সন্ত্রাসী এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলাকারীরা ‘ইমরান, দৌড় দিবি না’ বলে চিৎকার করে গুলি চালায় বলে তিনি জানান।
জাকারিয়া বলেন, দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে চলে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
























