মাদক অপরাধের বিচারে গতি আনতে দেশে ২২ বিশেষ ট্রাইব্যুনাল গঠন
মাদকসংক্রান্ত অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার।
আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ট্রাইব্যুনালের জন্য পৃথক স্থানীয় এখতিয়ার ও সীমানাও নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা এলাকার জন্য একটি এবং ঢাকা মহানগরের আওতাধীন থানাগুলোর জন্য চারটি পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
ঢাকা মহানগর-১ ট্রাইব্যুনালের অধীনে থাকবে পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরেবাংলা নগর, রমনা ও শাহবাগ থানা।
ঢাকা মহানগর-২ ট্রাইব্যুনালের আওতায় থাকবে কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালী, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানা।
ঢাকা মহানগর-৩ ট্রাইব্যুনালের অধিক্ষেত্রে থাকবে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, কদমতলী ও ওয়ারী থানা।
অন্যদিকে, ঢাকা মহানগর-৪ ট্রাইব্যুনালের আওতায় থাকবে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, বাড্ডা, গুলশান, বনানী, ভাটারা, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানা।
নারায়ণগঞ্জের জন্য দুটি—নারায়ণগঞ্জ-১ ও নারায়ণগঞ্জ-২—ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার জন্য একটি এবং চট্টগ্রাম মহানগরের জন্য তিনটি পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
মাদকপ্রবণ সীমান্তবর্তী জেলা কক্সবাজারে গঠন করা হয়েছে তিনটি ট্রাইব্যুনাল। কক্সবাজার-১ ট্রাইব্যুনালের অধীনে থাকবে টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী থানা। কক্সবাজার-২-এর আওতায় থাকবে উখিয়া, সদর ও ঈদগাঁও থানা। আর কক্সবাজার-৩ ট্রাইব্যুনালের অধিক্ষেত্রে থাকবে রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী থানা।
এ ছাড়া কুমিল্লার জন্য দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোর জেলার জন্য একটি করে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীন ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তর করা হবে।
স্থানান্তরের সময় কোনো মামলা যে পর্যায়ে থাকবে, সেই পর্যায় থেকেই নবগঠিত ট্রাইব্যুনালে বিচারকার্য পরিচালিত হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।























