জাপানি ভাষা শিখে বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
জাপানি ভাষা শিখে ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।
টাউন লাইফ কোম্পানি লিমিটেডের উদ্যোগে জাপানে বাংলাদেশি ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ কার্যক্রম নিয়ে টাউন লাইফের কর্মকর্তা ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তাদের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মাহ্দী আমিন বলেন, দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগ বাস্তবায়নে জাপানি ভাষা শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে এসে জাপানি শিক্ষকদের ভাষা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি নিয়মতান্ত্রিক জটিলতা নিরসন করে তাঁদের ভিসা আবেদন ও আবাসন ব্যবস্থা সহজ করার বিষয়েও সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে। তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর কাজও চলছে।
মাহ্দী আমিন জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানো হবে। প্রার্থীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে প্রবেশ পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে জাপানি প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহেও প্রতিষ্ঠানটি সহায়তা করবে। নির্বাচিত প্রকৌশলীরা জাপানে চাকরিতে যোগ দেওয়ার পর মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা ও বোনাস সুবিধা পাবেন।
সভায় জানানো হয়, প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ হয়েছে। বর্তমানে দ্বিতীয় ব্যাচের শিক্ষাক্রম চলছে। জাপানি ভাষা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীরা পর্যায়ক্রমে জাপানে কাজের সুযোগ পাবেন।
প্রথম ব্যাচের শিক্ষার্থীদের চাকরি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তাঁরা আগামী অক্টোবর ২০২৬-এর মধ্যে জাপানে নিজ নিজ কর্মস্থলে যোগদান শুরু করবেন। অন্য নির্বাচিত প্রার্থীরা আগামী জানুয়ারি ২০২৭-এর মধ্যে জাপানে প্রবেশ করবেন বলে সভায় জানানো হয়।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়ার সভাপতিত্বে সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেইসহ মন্ত্রণালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















