চাঁদপুরে গ্যাস সংকট, সিএনজিচালকদের সড়ক অবরোধ
চাঁদপুরে তীব্র গ্যাস সংকটে যানবাহন চলাচল ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার সকাল থেকে জেলার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পরে দুপুরে হাজীগঞ্জের চাঁদপুর-কুমিল্লা সড়কের এইচবি ফিলিং স্টেশনের সামনে কয়েকশ সিএনজিচালক অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
চালকদের অভিযোগ, গ্যাসের জন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা, এমনকি সারারাতও অপেক্ষা করতে হচ্ছে। ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সঠিক তথ্য দিতে পারছে না। এতে আয়-রোজগার বন্ধ হয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তারা।
সুমন নামে এক সিএনজিচালক বলেন, ‘দুই দিন ধরে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারি না। গাড়ি চালাইয়া সংসার চলে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পারলে, আমার সংসার চলবে কেমনে?’
আরেক চালক ইয়াসিন বলেন, ‘সারা রাত না ঘুমিয়ে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। কখন গ্যাস পাব কেউ বলতে পারছে না। এভাবে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলে সংসার চলবে কিভাবে?’
চাঁদপুরের বিভিন্ন ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় যানবাহনে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক হলে আবার গ্যাস দেওয়া হবে।
এদিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এইচবি ফিলিং স্টেশন এলাকায় গ্যাসের জন্য সিএনজি, বাস ও প্রাইভেটকারের চালকরা রাত থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধের কারণে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
























