একাত্তরকে ভুলে গেলে বাংলাদেশে বিশ্বাস করা যায় না : মির্জা ফখরুল
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না।
শুক্রবার সম্মিলিত সনাতন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে বিশ্বাস করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রাখতে হবে। একই সঙ্গে তিনি বলেন, একাত্তরের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানকেও গুরুত্ব দিতে হবে। তাঁর ভাষায়, একাত্তরকে সামনে আনার অর্থ চব্বিশের গণ-অভ্যুত্থানকে পেছনে রাখা নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাঁদের অবদানও সমানভাবে স্মরণ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থান—কোনোটিকেই ছোট করে দেখে না। উভয় ঘটনাই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশকে বিভাজনের দিকে ঠেলে দিতে চায়। এ ধরনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই। দেশকে একটি উদার, গণতান্ত্রিক ও সম্প্রীতির রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

























