সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী
নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। একই প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল জয় পেয়েছে ১৩টিতে। বাকি একটি সদস্য পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী। নির্বাচনে মোট ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ২ হাজার ৯৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট।
অন্যদিকে সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
এছাড়া বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে বিজয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। অন্যদিকে সদস্য পদে জামায়াত সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।