মস্কোতে ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ২
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেন বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। হামলায় একটি প্রধান তেল শোধনাগার ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
মেয়র সোবিয়ানিন জানান, মস্কোর দিকে আসা ৪৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তিনি এ হামলাকে রাজধানীতে এ পর্যন্ত চালানো সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মস্কো অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও একটি লজিস্টিকস কেন্দ্রে হামলা চালিয়েছে। তার দাবি, এসব স্থাপনা থেকে রাশিয়ার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ অর্থ ও জ্বালানি সরবরাহ হয়।
ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের দাবি, হামলায় তেল শোধনাগারটির তিনটি প্রধান ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শোধনাগারটি মস্কো অঞ্চলের এক-তৃতীয়াংশের বেশি জ্বালানি সরবরাহ করে। এর কিছু পেট্রোল, ডিজেল ও এভিয়েশন ফুয়েল রুশ সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এ ধরনের স্থাপনায় হামলা রাশিয়ার যুদ্ধ পরিচালনা এবং সামরিক ইউনিটগুলোতে রসদ সরবরাহের সক্ষমতাকে বাধাগ্রস্ত করে।
এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার কিয়েভ ও সুমি অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় তিন শিশুসহ নয়জন নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে মস্কোর রাতের আকাশে বিস্ফোরণ ও একটি গুদামে আগুন জ্বলতে দেখা গেছে। তবে এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মেয়র সোবিয়ানিনের দাবি, রোববার রাশিয়ার সংসদ নির্বাচনের শেষ দিনে হামলা চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেনের নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে একটি বাসে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন নির্বাচনী কর্মকর্তা বলে জানিয়েছে রাশিয়ার নির্বাচন কমিশন।


























