আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ড রিলিজ
নিজস্ব সংবাদ :
নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান-এর আকস্মিক পরিদর্শনের পর অনুপস্থিত থাকা ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রী বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এছাড়া অনেককে নির্ধারিত অফিস সময়ের পর কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।
কর্মকর্তা-কর্মচারীদের এমন অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়।
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও ৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।