সৌদির ইয়ানবু তেল স্থাপনা সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ ও লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবু সুরক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ ঘোষণা দিয়েছেন।
টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ইয়ানবুর নিরাপত্তা জোরদারে সৌদি আরবের সঙ্গে এ বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। সেখানে সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে। তবে ফরাসি বাহিনী কোনো সংঘাতে জড়াবে না; গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাটি সুরক্ষাই এর উদ্দেশ্য বলে জানান তিনি।
লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু সৌদি আরবের তেল রপ্তানি ও জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ইয়ানবু ও এর আশপাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়ানবুর দিকে ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
ইয়ানবুতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিশোধন ও রপ্তানি অবকাঠামো রয়েছে। পারস্য উপসাগর থেকে আসা তেল পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে ইয়ানবুতে পৌঁছায়। ফলে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাক্ষাৎকারে মাখোঁ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞারও সমালোচনা করেন। এমন পদক্ষেপ বিশ্ব অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র এমন নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে—এমন খবর অস্বীকার করেছে।
এদিকে রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন মাখোঁ। তাঁর মন্তব্য এমন এক সময়ে এল, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং লোহিত সাগরে জ্বালানি অবকাঠামো ও নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।


























