সরকারি অর্থায়নে কর্মকর্তারা ৭৫ লাখ টাকার ইভি কিনতে পারবেন
সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও পাবলিক সেক্টর করপোরেশনে কর্মরত কর্মকর্তাদের জন্য সরকারি অর্থায়নে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা মূল্যের ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) জিপ কেনার সুযোগ রাখা হয়েছে। জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ বা তার ওপরে থাকা কর্মকর্তারা রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ সর্বোচ্চ ৭৫ লাখ টাকা মূল্যের এ ধরনের গাড়ি ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি কোন গ্রেডের কর্মকর্তারা কত মূল্যের বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করতে পারবেন, তা নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে কর্মকর্তাদের জন্য গাড়ির ধরন ও মূল্যসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। জিপ ও কার কেনার অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত মূল্যসীমা অনুসরণ করতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, গ্রেড-৩ বা এর নিচের গ্রেডের কর্মকর্তাদের জন্য জিপ গাড়ির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫ লাখ টাকা। উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত বা সমমানের পদে কর্মরত কর্মকর্তারা সরকারি গাড়ি সুবিধা পান। তাদের মধ্যে যারা সরকার থেকে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি নেননি, তাদের জন্য সরকারি অর্থায়নে গাড়ি সুবিধা দেওয়ার বিধান রয়েছে।
চলতি অর্থবছরের বাজেটে সরকারি অর্থায়নে কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কেনা বাধ্যতামূলক করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ইভি আমদানিতে শুল্ক-করও কমিয়েছে সরকার।
নির্দেশনায় ৭৫ লাখ টাকা মূল্যের এফইভি জিপের কারিগরি বৈশিষ্ট্যও নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ এই মূল্যের গাড়ির মোটর পাওয়ার কমপক্ষে ২০০ কিলোওয়াট, ব্যাটারি ক্যাপাসিটি কমপক্ষে ৫৫ কিলোওয়াট-ঘণ্টা এবং রেঞ্জ কমপক্ষে ৪৩০ কিলোমিটার হতে হবে। পাশাপাশি ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি এবং কমপক্ষে ৮০ কিলোওয়াট ক্ষমতার ডিসি ফাস্ট চার্জিং সুবিধা থাকতে হবে।
অন্যদিকে, ৫৫ লাখ টাকা মূল্যের এফইভি জিপের মোটর পাওয়ার কমপক্ষে ১৫০ কিলোওয়াট, ব্যাটারি ক্যাপাসিটি ৫৫ কিলোওয়াট-ঘণ্টা এবং রেঞ্জ কমপক্ষে ৪০০ কিলোমিটার হতে হবে। এ গাড়িতেও ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি ও কমপক্ষে ৮০ কিলোওয়াটের ডিসি ফাস্ট চার্জিং সুবিধা থাকতে হবে।
এ ছাড়া সরকারি অর্থায়নে কেনার জন্য নির্ধারিত বৈদ্যুতিক কারের মোটর পাওয়ার কমপক্ষে ৯৫ কিলোওয়াট, ব্যাটারি ক্যাপাসিটি কমপক্ষে ৫০ কিলোওয়াট-ঘণ্টা এবং রেঞ্জ কমপক্ষে ৪০০ কিলোমিটার হতে হবে। এ গাড়িতেও ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি এবং কমপক্ষে ৮০ কিলোওয়াটের ডিসি ফাস্ট চার্জিং সুবিধা রাখা হয়েছে।

























