মিরপুরে মিনিটের ব্যবধানে দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরে প্রায় একই সময়ে মিনিটের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বর এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।
সবশেষ সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিযাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে আগুনে বাসটি পুড়ে যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাসটি পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।’
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এ বাসে আগুন লাগার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একই সন্ধ্যায় কয়েক মিনিটের ব্যবধানে মিরপুরের দুই এলাকায় দুটি বাসে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
























