কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চলতি বছরের নভেম্বরে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানায়।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরেন তারা।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বরে তুরস্ক সফর করবেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু অর্থায়নসহ বৈশ্বিক জলবায়ু ইস্যুতে এবারের কপ সম্মেলন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ঝুঁকি, অভিযোজন ও জলবায়ু ন্যায্যতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






















