রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকাল থেকেই রাজধানীজুড়ে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং পথচারীরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে একটানা সর্বোচ্চ বৃষ্টিপাত। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট বৃষ্টিপাত হয়েছে ৯৭ মিলিমিটার।
আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি আজও অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, রোববার রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং মোড়, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক স্থানে হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে।
এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলেও টানা বৃষ্টির প্রভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যে সাতটি জেলায় বন্যা দেখা দিয়েছে। গত কয়েক দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে, যদিও শনিবার ওই দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।
আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং ভারী বৃষ্টির সময় সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।
























