সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি বই রাখার নির্দেশনা বাতিল
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ বই রাখার নির্দেশনা বাতিল করেছে সরকার।
সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে উল্লিখিত তিনটি বইয়ের অন্তত এক সেট রাখার বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
জানা যায়, ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ বই দুটি প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা। আর ‘সবার আগে বাংলাদেশ’ বইটির লেখক প্রধানমন্ত্রী তারেক রহমান। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত।
তবে সর্বশেষ অফিস আদেশের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে বই তিনটি সংরক্ষণের পূর্ববর্তী নির্দেশনা বাতিল করা হয়েছে। তবে আদেশে নির্দেশনা বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।

























