মাদারীপুরে কাভার্ড ভ্যান থেকে ৬৬ লাখ টাকার বেনসন সিগারেট জব্দ, ভ্যাট ফাঁকির অভিযোগে আটক ৩
মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ বেনসন সিগারেট জব্দ করেছে পুলিশ। জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এর মধ্যে ১১০ কার্টন (প্রায় ১১ লাখ শলাকা) সিগারেটের বিপরীতে প্রায় ৫৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর থানার এসআই জিয়াউর রহমান ও এএসআই মনোয়ার হোসেন অভিযান চালিয়ে ঢাকা মেট্রো (ম) ১১-৫৫১৫ নম্বরের কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
পরে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা এবং মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের উপস্থিতিতে কাভার্ড ভ্যান থেকে জব্দকৃত সিগারেট নামানো হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার প্রাথমিক বিবরণ তুলে ধরেন। তিনি জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—
- আতাহার মিয়া (৬৫), মাদারীপুর;
- সোহেল রানা (৪৫), চালক, রাজশাহী;
- নাদিম মিয়া (২৭), কিশোরগঞ্জ।
ঘটনার পর মাদারীপুর জেলার ভ্যাট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হলে তারা সদর থানায় উপস্থিত হয়ে জব্দকৃত মালামাল পরিদর্শন করেন।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দকৃত সিগারেটের ডিলার মাদারীপুরের একজন ব্যবসায়ী। তবে তার পরিচয় ও এ বিষয়ে সংশ্লিষ্টতা যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ভ্যাট ফাঁকি এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
























