গাজীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ২
গাজীপুরের গাছা এলাকায় একটি আবাসিক কওমি মাদ্রাসায় আট বছর বয়সী এক শিশুকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অলিউল্লাহ ইসলাম (২৩), মোহাম্মদ মিজান (৩৮) ও মো. আব্দুল কুদ্দুস শেখ (৪৫) নামে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুই আসামিকে গ্রেপ্তারের পর শুক্রবার (২৩ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গাছা থানার কলমেশ্বর এলাকার ডেঙ্গুর আলী সড়কে অবস্থিত দারুল হেদায়া কওমি মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে পড়াশোনা করত শিশুটি। গত ১১ অক্টোবর রাত আনুমানিক দেড়টা এবং ১২ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে মাদ্রাসার স্টোররুমে নিয়ে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে মারধর করার ভয়ও দেখানো হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
শিশুটির মায়ের দাবি, ঘটনা জানার পর তিনি মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তবে মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, ‘এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’























