খুলনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে জখম
খুলনা মহানগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের হামলায় মো. ইকবাল মোল্লা (৪৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক।
রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে প্রকাশ্য সড়কে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ বাজার এলাকায় অবস্থান করছিলেন ইকবাল মোল্লা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়। রক্তাক্ত অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আবির শেখ (২৩) নামে এক যুবকের নেতৃত্বে সজল ও খুকু নামের আরও কয়েকজন এ হামলায় অংশ নেয়। আবির আহত ইকবাল মোল্লার সাবেক জামাতা। প্রায় তিন বছর আগে পারিবারিক বিচ্ছেদের পর থেকেই তাঁদের মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।
তবে স্থানীয়দের দাবি, হঠাৎ বাজার ও ইসলামপাড়া এলাকায় অস্ত্রের মহড়া, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে বাধা দেওয়ায় ইকবাল মোল্লার ওপর হামলা হয়ে থাকতে পারে।
লবণচরা থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলাকারীদের আটকে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পারিবারিক বিরোধের পাশাপাশি স্থানীয় আধিপত্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিবাদের বিষয়টিও গুরুত্ব দিয়ে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

























