পল্লবী বিএনপি নেতার কথিত অডিও ছড়ানো নিয়ে জিডি
পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আনিসুর রহমান আনিসের একটি কথিত অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। তার দাবি, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভুয়া ও বানোয়াট রেকর্ড।
সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিওতে মিরপুরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শাহাদাতের সঙ্গে পল্লবী এলাকার বিভিন্ন সেক্টরে কথিত দখল বাণিজ্য ও আঁতাত নিয়ে কথোপকথন হতে শোনা যায়। তবে অডিওটির সত্যতা অস্বীকার করেছেন আনিসুর রহমান।
পল্লবী থানার অফিসার ইনচার্জের স্বাক্ষরিত জিডিতে আনিসুর রহমান অভিযোগ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা তার নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ কল রেকর্ড এবং ফেক ইন্টারফেস তৈরি করেছে। পরে এসব ব্যবহার করে তাকে অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট অডিও-ভিডিও ফেসবুক, ইউটিউব ও হোয়াটসঅ্যাপে প্রচার করা হচ্ছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন সমর্থক ও নেটিজেন দাবি করেছেন, এটি কোনো বাস্তব কল রেকর্ড নয়; সম্পাদনা করে কৃত্রিমভাবে অডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে। তবে এ দাবির স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।
সম্প্রতি শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের একাধিক কমিটি বিলুপ্ত এবং বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
অডিওর বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান বলেন, রাজনৈতিক ফায়দা হাসিল এবং তার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে কতিপয় সন্ত্রাসী ও চাঁদাবাজ এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বর তৈরি করে মিথ্যা কল রেকর্ড বানিয়েছে বলে দাবি করেন তিনি।
আনিসুর রহমান আরও বলেন, অডিওটির ইন্টারফেস ও কারিগরি দিক পর্যালোচনা করলেই এটি কৃত্রিম ও উদ্দেশ্যপ্রণোদিত বলে বোঝা যাবে।

























