মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ সতর্কতা যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা’ সম্পর্কে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল।
অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নতার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, অতীতেও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন কূটনৈতিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এতে আরও সতর্ক করে বলা হয়, ইরান এবং ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানও থাকতে পারে।
মধ্যপ্রাচ্যে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগও বৃদ্ধি পেয়েছে।