শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করবে, নতুন অস্ত্র নিয়ে ইরানের বার্তা
ইরানের সামরিক সক্ষমতা ও রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই তেহরান এমন এক অত্যাধুনিক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে, যা দেখে প্রতিপক্ষ “রীতিমতো স্তম্ভিত হয়ে যাবে”।
বুধবার (২৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Press TV-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষ যে দ্রুত সাফল্য পাওয়ার আশা করেছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে।
তিনি কটাক্ষ করে বলেন, পশ্চিমা দেশগুলোর সামরিক কৌশল ও ভুল ধারণা এখন বিশ্বের বিভিন্ন সামরিক একাডেমিতে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, “ইরান এখন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত
নৌবাহিনী প্রধান তার বক্তব্যে মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln (CVN-72)-এর ওপর হামলার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি দাবি করেন, ওই রণতরীতে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, এ হামলার ফলে নির্দিষ্ট সময়ের জন্য মার্কিন বাহিনী রণতরীটি থেকে কোনো যুদ্ধবিমান উড্ডয়ন বা আকাশ অভিযান পরিচালনা করতে পারেনি।
শাহরাম ইরানি আরও দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তেজনার মধ্যে ইরান মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত ১০০ বার সফল পাল্টা আঘাত হেনেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বক্তব্য মূলত সামরিক সক্ষমতা প্রদর্শন ও মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির অংশ। বিশেষ করে নতুন অস্ত্র উন্মোচনের ইঙ্গিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
ইরানের নৌবাহিনী প্রধানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন । সম্ভাব্য নতুন অস্ত্র উন্মোচন এবং পাল্টা হামলার দাবি আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলবে কি না, তা এখন দেখার বিষয়।

























