অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের একসময়ের পরিচিত অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন এই অভিনেতা। অর্থাভাবে তাঁর চিকিৎসা করাতে পারছিলেন না পরিবার। এবার পরিবারের সম্মতি পাওয়ার পর তাঁর চিকিৎসার প্রক্রিয়া শুরু করেছে সংগঠনটি।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তাঁর পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। গতকাল সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে সমু চৌধুরীকে অস্বাভাবিক অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়। কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে তাঁর উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে তাঁর অসংলগ্ন কথাবার্তা তুলে ধরে অনেকে ব্লগ ও কনটেন্ট তৈরি করছেন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা অভিনেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, কয়েক বছর ধরেই মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন তাঁর ছেলে। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
রাশেদ মামুন অপু জানান, শুরু থেকেই সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি পর্যবেক্ষণ করছে অভিনয়শিল্পী সংঘ। প্রায় তিন বছর আগে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনটির সদস্যরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।
অপু বলেন, ‘প্রথম থেকেই আমরা সমু চৌধুরীর পাশে আছি। গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে শিল্পী সংঘ থেকেই তাঁকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সে সময়ই আমরা চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নিতে চেয়েছিলাম। কিন্তু তাঁর পরিবার সে সময় রাজি হয়নি। এবার তাঁর চিকিৎসার জন্য পরিবারের সম্মতি পেয়েছি।’
পরিবারের সম্মতি পাওয়ায় এবার সমু চৌধুরীর চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে বলে জানান অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক। সংগঠনটি তাঁর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে।


























