মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, রাজধানীতে নিরাপত্তা জোরদার
রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বর এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাশেদ বিন খালিদ বলেন, চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় বাসটিতে কোনো যাত্রী ছিল কি না এবং কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শুক্রবার জুমার পর রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এ পরিস্থিতিতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথসহ দুই শতাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
রাজধানীতে প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ মুখে বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে ঢাকায় প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
























