কুমিল্লায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি থানার ইন্সপেক্টর মহিবুল আলম ভুঁইয়া। তিনি জানান, অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন নামের একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বাসা থেকে বের হওয়ার পর সিসিটিভি ফুটেজে অপ্রতীমের সঙ্গে তুহিনকে দেখা যায়। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মরদেহ উদ্ধারের সময় অপ্রতীমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হয় অপ্রতীম। এরপর আর বাসায় ফেরেনি সে। পরে পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।
এ ঘটনায় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কোটবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তুহিনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।























