ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে বলে আইনজীবী শিশির মনির নিশ্চিত করেছেন।
রিট আবেদনে বলা হয়, বিদ্যমান আইন অনুযায়ী একই গ্রুপভুক্ত বা পারিবারিকভাবে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার রাখা নিষিদ্ধ। কিন্তু এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ইসলামী ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে ব্যাংকটির ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ারের মালিকানা গড়ে তোলে।
আবেদনে অভিযোগ করা হয়, একই গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির মাধ্যমে এত বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা ব্যাংকিং আইন ও বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে গত বছর ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
সেই ধারাবাহিকতায় এবার এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ এলো।






















