ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখে স্কচটেপ পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করে অথবা অন্য কোনোভাবে মৃত্যুর পর মরদেহটি এনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের সব সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।




















