মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেস এ কর্মসূচির আয়োজন করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে সংসদ অভিমুখে মিছিলের একদিন পর কেন্দ্রের ওপর চাপ বাড়াতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী ঘোষণা দেন, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান করবেন। তবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দিল্লি পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী নেতাদের সেখান থেকে সরিয়ে দেয়।
প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সরিয়ে নিতে গেলে রাহুল গান্ধী রাস্তায় বসে পড়েন এবং স্থান ত্যাগে অস্বীকৃতি জানান। পরে কয়েকজন পুলিশ সদস্য তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, সোমবার তরুণ শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়েছেন। তিনি অভিযোগ করেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংসের দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
এ ঘটনায় দিল্লি পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি।
























