শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার,কারাগারে প্রেরণ
শার্শা (যশোর): যশোরের শার্শায় নিজ পুত্রবধূকে (৩৩) ধর্ষণের অভিযোগে মো. মিজানুর রহমান গহর (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। একই দিন দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান গহর শার্শা উপজেলার একঝলা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গত ৯ মে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর থেকেই আসামি মিজানুর রহমান মহেশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে র্যাবের সহযোগিতায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলানপুর গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (১) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছিল এবং আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





















