পুরোনো বাণিজ্য মেলার মাঠে মেলার স্থাপনা ভাঙচুর, শিক্ষার্থীদের সচিবালয় স্থাপনে আপত্তি
রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা দুটি মেলার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেছেন। বুধবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী এ ভাঙচুর চালান বলে অভিযোগ করেছেন মেলার কাজে যুক্ত ব্যক্তিরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের নিবৃত্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে নেয়।
পুলিশ ও মেলাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুরোনো বাণিজ্য মেলার মাঠে পাশাপাশি দুটি মেলার আয়োজন করা হয়েছে। সেখানে মাসব্যাপী ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ আয়োজনের প্রস্তুতি চলছিল। এর পাশেই এক সপ্তাহব্যাপী ‘যুব মেলা’ আয়োজনের কাজ চলছে। দুটি মেলা উপলক্ষে মাঠে ফটক ও বিভিন্ন স্টল নির্মাণ করা হচ্ছিল।
মেলার কাজে যুক্ত ব্যক্তিদের অভিযোগ, বুধবার সকালে শিক্ষার্থীরা ‘গবেষণার মাঠ ফেরত চাই, সচিবালয় নয়’ ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করে নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেন। এ সময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের নিবৃত্ত করতে পারেনি বলে তাঁদের দাবি। ভাঙচুরে আর্থিক ক্ষতির পাশাপাশি নির্মাণকাজে ব্যবহৃত কিছু মালামালও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
দুপুরে সরেজমিনে দেখা যায়, মেলার জন্য নির্মিত টিনের বেড়ার একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। কয়েকটি কাঠের কাঠামো মাটিতে পড়ে রয়েছে। স্টল নির্মাণের কাজে যুক্ত ব্যক্তিরা সেগুলো খুলে ফেলছিলেন।
যুব মেলার স্টল নির্মাণের কাজে যুক্ত ইউসুফ সর্দার বলেন, তাঁরা সরকারের অনুমতি নিয়েই স্টল নির্মাণ করছেন। মাঠ নিয়ে কোনো আপত্তি থাকলে তা সরকারের সঙ্গে সমাধান করা উচিত। এ ঘটনায় তাঁদের দোষ কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি। ভাঙচুরের পর শিক্ষার্থীরা স্টল নির্মাণের যন্ত্রপাতিও নিয়ে গেছেন বলে অভিযোগ করেন ইউসুফ সর্দার।
এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল নির্মাণের কাজে যুক্ত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের মেলার মূল ফটক ভাঙচুর করা হয়েছে। শতাধিক শিক্ষার্থী এসে ভাঙচুর করে চলে যান। এতে তাঁদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ভাঙচুরের বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম বলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। তাঁদের দাবির বিষয়ে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ভাঙচুরের ঘটনা না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি তাঁদের বিশ্ববিদ্যালয়ের। সেখানে সচিবালয় স্থাপন করতে দেওয়া হবে না। মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে।
এর আগে মঙ্গলবার মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে গিয়ে মাটি পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে যান। ওই দিন তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে একটি স্টিয়ারিং কমিটিও গঠন করেছেন শিক্ষার্থীরা।





















