মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর
মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত মাপ ও শর্ত মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের দিকে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট লাগাতে হবে। এতে ব্যবহৃত বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে কোনো ধরনের শোভাবর্ধক উপকরণ বা নকশা করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে সামনের দিকে ২৮৫ মিলিমিটার দৈর্ঘ্য ও ৫০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিজ্ঞপ্তিতে নিবন্ধন নম্বরের অনুলিপি সামনে প্রদর্শনের উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করা হয়েছে।
নির্ধারিত শর্ত মেনে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

























