উত্তরার বিমানবন্দর সড়কে পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই, মামলা দায়ের
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় রোববার রাতেই বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় ৬–৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন পাম্পটির ম্যানেজার মো. আব্দুল করিম।
আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।
মামলার বিবরণ ও পাম্প কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানের চালক খোরশেদ বিক্রির টাকা ভর্তি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন ছিনতাইকারী তাঁদের কাভার্ড ভ্যানের গতিরোধ করে। এরপর পিস্তল উঁচিয়ে ভয় দেখিয়ে এবং সহকারী ম্যানেজার আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।
পাম্পের ম্যানেজার আব্দুল করিম জানান, প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার জ্বালানি কেনাবেচা হয়। প্রতিদিনের টাকা পরদিন সকালে ব্যাংকে জমা দেওয়া হয়। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দুই দিনের জমে থাকা মোট ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা একসঙ্গে রোববারে জমা দিতে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ডিএল পেট্রোল পাম্পটির মালিক ইয়াছিন মোহাম্মদ বি আজিম খান ও তাসীন আক্তার হক। পাম্পের ম্যানেজার সূত্রে জানা যায়, তাসীন আক্তার হক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক বিএনপি সরকারের সাবেক মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন ছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা পূর্ব থেকেই পর্যবেক্ষণ করছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক বেগ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য আলামত সংগ্রহ করে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আইনানুগ চেষ্টা চলছে।
























