যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিপ্লবের প্রতীক শহীদ আবু সাঈদের ছবি ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত কোনো প্রামাণ্যচিত্র পূর্ণাঙ্গ হতে পারে না। তিনি বলেন, শহীদ আবু সাঈদের মতো একজন প্রতীকী ব্যক্তিত্বের ছবি ডকুমেন্টারিতে না থাকা অত্যন্ত দুঃখজনক।
বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়। বিপ্লবের প্রতীক শহীদ আবু সাঈদের কোনো ছবি না থাকা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, জাতীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও হট্টগোল কোনোভাবেই কাম্য নয়। প্রামাণ্যচিত্রে অসঙ্গতির বিষয়টি স্বীকার করে ইতোমধ্যে দুঃখপ্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা অনভিপ্রেত এবং জাতীয়ভাবে তা দুঃখজনক ও লজ্জাজনক।
নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আজ ৮২ বছর বয়সেও বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করতে প্রয়োজন হলে আবারও লড়াই করবো।”
জুলাই যোদ্ধাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। যদি জুলাই যোদ্ধাদের নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তবে সেটি রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করা।














