পলাতক আসামি মোজাফফরকে গ্রেপ্তার করে সেনা হেফাজতে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের চকরিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মেজর (অব.) মোজাফফর হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলার একজন পলাতক আসামি। তাকে গ্রেপ্তার করে সেনা হেফাজতে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে তার বিচার প্রক্রিয়া সেনাবাহিনী দেখছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চকরিয়া উপজেলার লক্ষার চর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মেজর (অব.) মোজাফফর হোসেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন পলাতক আসামি। তিনি দীর্ঘদিন গোপনে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান শনাক্ত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবং সেনা হেফাজতে দিয়েছে, যাতে সংশ্লিষ্ট আইনে তার বিচার করা যায়।”
ত্রাণ বিতরণের আগে বন্যাদুর্গত মানুষের উদ্দেশে তিনি বলেন, বিদেশে অবস্থান করার কারণে বন্যার সময় এলাকায় আসতে পারেননি। এজন্য তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ক্ষমা চান। পরে উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “আপনারা আমাকে ক্ষমা করে দিয়েছেন?” এবং বলেন, “সরকার সব সময় আপনাদের পাশে আছে।”
এর আগে দুপুরে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাকবলিত এলাকায় সরকারি জরিপ কার্যক্রম চলছে এবং সেই জরিপের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেন।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিম আরা স্বপ্না, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার মো. সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন দেলোয়ারসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার কাকারা, সুরাজপুর মানিকপুর ও বরইতলী ইউনিয়নে পৃথক অনুষ্ঠানে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।



























