ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ উত্তোলনের চেষ্টা, বরিশালে তিন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
অনুমোদন ছাড়াই ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান। এর আগে গত সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন বিএমপির হিসাব শাখার কম্পিউটার অপারেটর কনস্টেবল মো. মারুফ হাসান, নন-গেজেটেড ভ্রমণ ব্যয় বিল শাখার কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং মেট্রো কোর্ট পুলিশের কনস্টেবল মো. সঞ্জীব মিয়া।
অফিস আদেশে বলা হয়, বিএমপির হিসাব শাখার তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, অভিযুক্ত তিন কনস্টেবল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আইবাস প্লাস (iBAS++) পদ্ধতিতে ভুয়া বিল তৈরি ও দাখিল করেন। ওই বিলের মাধ্যমে ১৮ লাখ ৬০ হাজার ১৮৪ টাকা কমিউনিটি ব্যাংকের একটি হিসাবে পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়।
তবে ব্যাংকে অর্থ ছাড়ের আগেই বিষয়টি শনাক্ত হয়। পরে হিসাব শাখার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আনা হলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
উপপুলিশ কমিশনার আব্দুল হান্নান বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

























