হস্পতিবার (৩০ এপ্রিল)
ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। একই আদেশে বর্তমান এসপি মো. মিজানুর রহমান-কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারি সূত্র জানিয়েছে, জনস্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
ঢাকা জেলার প্রথম নারী এসপি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে শামীমা পারভীনের নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। নারী নেতৃত্বের এ অগ্রগতি পুলিশ বাহিনীতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বলেও মনে করা হচ্ছে
নড়াইল জেলার বাসিন্দা শামীমা পারভীন ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনকারী শামীমা পারভীন আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবেও নির্বাচিত হন
ছাত্রজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ পড়াশোনা করেন।তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ২০২৫–২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শামীমা পারভীন হলেন রকিবুল ইসলাম বকুল-এর সহধর্মিণী। রকিবুল ইসলাম বকুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন।