এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি, কাফি ও ফ্লোরা
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং শেরে বাংলা এ কে ফজলুল হক-এর নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের নেতা নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম।
রাজনৈতিক জীবনে ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিক মামলার আসামি হন এবং কারাভোগ করেন। পরবর্তীতে বিভিন্ন মামলায় আদালত থেকে খালাস পান তিনি।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইসহাক সরকার। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
একই অনুষ্ঠানে যোগদানকারী মহিউদ্দিন রনি রেলখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। অন্যদিকে, নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ভিডিও নির্মাণের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।























