ইউসিবি-গ্রামীণফোন-মাস্টারকার্ডের কন্ট্যাক্টলেস স্টিকার কার্ড চালু
দ্রুত ও সহজে কন্ট্যাক্টলেস লেনদেনের সুবিধা দিতে কো-ব্র্যান্ডেড প্রিপেইড স্টিকার পেমেন্ট কার্ড চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), মাস্টারকার্ড ও গ্রামীণফোন। এ কার্ড স্মার্টফোন বা অন্য উপযুক্ত ডিভাইসে লাগিয়েও ব্যবহার করা যাবে। ফলে প্রচলিত পেমেন্ট কার্ড সঙ্গে না রেখেও নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রে কন্ট্যাক্টলেস প্রযুক্তিতে লেনদেন করা সম্ভব হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাস্টারকার্ড এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ স্টিকার কার্ডের মাধ্যমে মাইজিপি থেকে নির্দিষ্ট ওটিটি সেবা ও বান্ডল কেনা, মাইজিপি শপে লেনদেন এবং লার্নিং কোর্স কেনার ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ছাড়া নির্দিষ্ট গ্রামীণফোন ফাই (জিপিএফআই) সাবস্ক্রিপশনে ৩ শতাংশ ক্যাশব্যাক এবং নির্ধারিত রোমিং প্যাক কেনায় ৫০ টাকা ক্যাশব্যাকের সুবিধা রয়েছে।
কার্ডধারীরা জিপিস্টার ও মাস্টারকার্ডের অংশীদার মার্চেন্টদের কাছ থেকেও বিশেষ অফার পাবেন। পাশাপাশি নির্দিষ্ট লেনদেনের মাধ্যমে দ্রুত মাইজিপি পয়েন্ট অর্জনের সুযোগ থাকবে।
কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ, মাস্টারকার্ডের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, সংশ্লিষ্ট দেশগুলোতে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সান্দুন হাপুগোদা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা এবং গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী আধুনিক আর্থিক সেবা দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন এই উদ্যোগ। ব্যাংকিং, কানেক্টিভিটি ও বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তির সমন্বয়ে স্টিকার পেমেন্ট কার্ডটি দৈনন্দিন ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সুবিধাজনক ও সাশ্রয়ী করবে।
মাস্টারকার্ডের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, সহজ, নিরাপদ ও দৈনন্দিন জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লেনদেনই পেমেন্ট ব্যবস্থার ভবিষ্যৎ। নতুন এই উদ্যোগ গ্রাহকদের জন্য পেমেন্টের আরও বিকল্প তৈরি করবে এবং বাংলাদেশে কন্ট্যাক্টলেস লেনদেনের প্রসারে ভূমিকা রাখবে।
কার্ডটির প্রথম বছরের বার্ষিক মাশুল মওকুফ করা হয়েছে। এক ক্যালেন্ডার বছরে এক লাখ টাকা বা তার বেশি খরচ করলে পরবর্তী বছরের বার্ষিক মাশুলও মওকুফের সুবিধা থাকবে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ডিজিটাল জীবনযাপনে অভ্যস্ত গ্রাহকেরা সহজ ও সুবিধাজনক পেমেন্ট সমাধান চান। নতুন স্টিকার কার্ডের মাধ্যমে মাইজিপির ডিজিটাল সেবা ও সুবিধার সঙ্গে পেমেন্টের সুবিধাও যুক্ত হচ্ছে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের জীবনে আরও সুবিধা ও ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকারের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।



























