আখতারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে মুক্তি দাবি শফিকুর রহমানের
মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন।’ আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি দাবি করে তিনি অভিযোগটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেন এবং গ্রেপ্তারের নিন্দা জানান।
বিমানবন্দরের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণেই ঘটনার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও দাবি করেন জামায়াত আমির। তার ভাষ্য, আখতারুজ্জামান যাত্রী হয়রানি, প্রবাসফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা নিয়ে প্রশ্ন থাকলেও তিনি যে বিষয়গুলোর প্রতিবাদ করেছেন, সেগুলোর ভুক্তভোগী হিসেবে বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা সাক্ষী বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে আড়াল করার উদ্দেশ্যে যদি আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে এটি ‘অশনি সংকেত’। ভুক্তভোগী জনগণ এমন পরিস্থিতি মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানকে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি।






















