আওয়ামী লীগকে ফেরানোর ইন্ধন দিচ্ছে সরকারের একটি অংশ: গোলাম পরওয়ার
সরকারের ভেতরের একটি অংশ এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি চক্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরানোর জন্য ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, সরকারি দলের মন্ত্রী ও নেতারা অভিযোগ করছেন, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী সহায়তা করছে। তাদের এ বক্তব্যের প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, সরকারের ভেতরের একটি অংশ ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আওয়ামী লীগকে দেশে ফেরানোর জন্য ইন্ধন দিয়ে যাচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সক্রিয় থাকার পরও একই সময়ে বিভিন্ন জেলায় নিষিদ্ধ একটি দলের নেতা-কর্মীরা কীভাবে মিছিল করার সুযোগ পেলেন, তা তদন্ত করে দেখা দরকার।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মিছিলের ঘটনায় করা মামলায় জামায়াতের নেতা-কর্মীদেরও গ্রেপ্তার ও আসামি করা হচ্ছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং ভারত থেকে সমর্থন পাচ্ছেন—এটিকে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দিয়ে দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না।
জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ভর্তুকি ও লোকসানের যুক্তিতে বারবার জ্বালানির মূল্য বাড়ানো গ্রহণযোগ্য নয়। রাষ্ট্র কোনো মুদিদোকান নয় যে লাভ-লোকসানের হিসাব করবে। জনগণের খাজনা ও করের অর্থেই রাষ্ট্রের রাজস্ব আসে।
তিনি বলেন, ভর্তুকি দিতে হলে সরকারকে তা দিতে হবে। ছয় মাসের মধ্যে তিনবার দ্রব্যমূল্য বাড়ানো যেতে পারে না। জ্বালানি তেলের দাম বাড়লে উৎপাদন, পরিবহন, বিপণন, কৃষি ও সেচসহ মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব পড়ে।

























