শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার স্বামী ও কথিত মাদক ব্যবসায়ী মো. কবির হোসেন পালিয়ে যান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার কাজল মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। শনিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বরমী মধ্যপাড়া এলাকায় কাজল মিয়ার বাড়িতে ভাড়া থাকা কবির হোসেনের বাসায় গাঁজার বড় একটি চালান এসেছে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহীনূর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন পালিয়ে যান। এ সময় তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়। পরে কবিরের ভাড়া বাসার একটি কক্ষ থেকে বিভিন্ন রঙের পলিথিনে মোড়ানো ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, কবির হোসেন দীর্ঘদিন ধরে আন্তজেলা মাদক চক্রের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন এলাকা থেকে গাঁজার বড় চালান এনে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
গ্রেপ্তার তাহমিনা উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা এবং কবির হোসেনের স্ত্রী। পলাতক কবির একই গ্রামের মো. আক্কাস আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই ১১টি মামলা রয়েছে।
এ ঘটনায় কবির হোসেন ও তার স্ত্রী তাহমিনার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক কবিরকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।























