নরসিংদীতে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তের হামলায় নিহতের স্ত্রী ও অপর এক ছেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাছেদ মিয়া (৬৫) ওই এলাকার ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত শাকিল চৌধুরী (৩৫) তার বড় ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাকিল অপর একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর পাঁচ মাস আগে জামিনে মুক্তি পেয়েছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়েছিলেন। ঘটনার আগে তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
রাত সাড়ে ৩টার দিকে ওই ঘর থেকে শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে অন্ধকার ঘরে গিয়ে তারা দেখতে পান, আব্দুল বাছেদ মিয়াকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। অভিযোগ রয়েছে, পরে শাকিল ধারালো অস্ত্র ও কুড়াল দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন।
এ সময় নিহতের স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে রাশেদ শাকিলকে বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে দুজন আহত হন।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল বাছেদ মিয়ার মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে হাফসা বেগম বলেন, ‘আমরা তার মৃত্যুদণ্ড চাই। তা না পারলে আমাদের কাছে দেন, আমরা বিচার করব। আমার বাবারে মাইরা ফেলছে। সে আমাদের সবাইকে মারতে চায়। আমরা ভয়ে আছি। আমরা তার ফাঁসি চাই।’
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, ‘ছেলের হাতে বাবা হত্যার শিকার হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। হত্যার প্রকৃত কারণ ও ব্যবহৃত অস্ত্রের বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




















