সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই, দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশে ফিরে জাতীয় দলের হয়ে সাকিবের আর খেলার সুযোগ নেই।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থান সাকিবের ছিল, তিনি সেখান থেকে সরে গিয়ে রাজনৈতিক পরিচয়কে বেছে নিয়েছেন। তাই তার জাতীয় দলে ফেরার সুযোগ নেই বলে তিনি মনে করেন।
আমিনুল হক বলেন, দেশে ফিরলে সাকিবকে প্রচলিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিবের বিষয়ে তিনি এবং অন্যরা দীর্ঘদিন সহনশীল ছিলেন। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডের পর তার ফিরে আসার জন্য কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ দেখছেন না।
প্রতিমন্ত্রীর ভাষ্য, শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে সাকিব এমন একটি অবস্থান নিয়েছেন, যার ফলে জাতীয় দলে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই।
অন্যদিকে একই দিনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরে আদালতে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।
সাকিব বলেন, ‘সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব। আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সব কিছুরই মুখোমুখি হব।’
বর্তমানে সাকিবের দেশে ফেরা এবং ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।


























