বাংলাদেশ-চীন ইস্যুতে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল
চীনের কাছ থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ-চীনের সাম্প্রতিক অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ভারত।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকে ঘিরে জে-১০সিই যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পৃথক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা আমাদের অঞ্চলের এ ধরনের সব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।”
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এ প্রকল্প সম্পর্কে ভারতের অবস্থান ইতোমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহযোগিতা দুই দেশের পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয়। বাংলাদেশের সংশ্লিষ্ট সব ধরনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ভারতের সামগ্রিক নীতিনির্ধারণে বিবেচনায় নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ভারত থেকে প্রবাহিত তিস্তা ও অন্যান্য আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও চীনের সম্মতির কয়েকদিন পর ভারতের পক্ষ থেকে এ মন্তব্য এলো।

















