চলমান বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত অতিথিদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আজ বুধবার থেকে ক্যাম্পাস এলাকায় যানবাহন চলাচলেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ সীমিত করা হবে এবং যানবাহন চলাচলের ওপর বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, খেলা চলাকালীন সময়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকায় বহিরাগত ব্যক্তি ও সাধারণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। তবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী যানবাহন, অনলাইন শপিং পণ্য পরিবহনকারী যানবাহন এবং অন্যান্য সরকারি গাড়ি এ নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের অভ্যন্তরে সাধারণ গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময়ই নিষিদ্ধ থাকবে এবং এ নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হবে।
প্রক্টর অফিসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল। সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থা বিবেচনায় সময়ে সময়ে এ সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করা হতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বকাপ চলাকালীন সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।