ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
২০২৬ সালের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন ‘ই-ভ্যাট’ সিস্টেমে দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো ধরনের বিলম্ব জরিমানা দিতে হবে না।
বৃহস্পতিবার এনবিআরের মূসক (মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্নসংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। ফলে অনেক করদাতা প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ে ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে পারেনি।
এ পরিস্থিতিতে যেসব প্রতিষ্ঠান ওই দুই কর মেয়াদের রিটার্ন জমা দেয়নি, তাদের সুবিধার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(৩) ধারার ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো বিলম্ব জরিমানা প্রযোজ্য হবে না। তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেপ্টেম্বর কর মেয়াদের রিটার্ন দাখিল প্রযোজ্য, তাদের ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—তিন কর মেয়াদের রিটার্নই ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে।
জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হয়েছে।

















