শিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ হাইকমিশন-ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে বৈঠক
শিক্ষাখাতে অংশীদারত্ব জোরদার ও গুণগত মানোন্নয়নে ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়ন ও ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পরিচালিত হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রভাব ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে শিক্ষাখাতের গুণগত মানোন্নয়ন এবং আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন মাহ্দী আমিন।
বাংলাদেশে আন্তর্জাতিক মানের ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হলে উপদেষ্টা বলেন, কোনো প্রতিষ্ঠান বা বিনিয়োগকারী এ বিষয়ে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।
বৈঠকে উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। শিক্ষার মান ও আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মাহ্দী আমিন বলেন, শিক্ষাখাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা এবং উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে।
তিনি বলেন, সরকারের উদ্যোগের মধ্যে তৃতীয় ভাষা শিক্ষা চালু, সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি, উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বাধ্যতামূলক কারিগরি ল্যাব চালু, পরীক্ষাগার আধুনিকায়ন, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন ও শিক্ষার্থীদের বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার বিষয় রয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইকোসিস্টেম অফিস স্থাপন, স্টার্টআপ ফান্ড গঠন, উদ্ভাবন কার্যক্রম জোরদার, ক্যারিয়ার কাউন্সেলিং অফিস চালু এবং জব ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ঋণ কর্মসূচি চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
বৈঠকে হিট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও প্রশিক্ষকদের অভিজ্ঞতা, প্রকল্পটির প্রভাব এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়। উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবন কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
বৈঠক শেষে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মাহ্দী আমিন। এতে বাংলাদেশ সরকার ও ব্রিটিশ কাউন্সিলের বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদার, সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

















