প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা উপদেষ্টা ড. মাহাদী আমিন: চাঁদপুরের গর্ব
চাঁদপুর জেলার সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া ৭ নং ওয়ার্ডের কৃতি সন্তান ড. মাহাদী আমিন বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও গবেষণা উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
ড. মাহাদী আমিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আন্তর্জাতিক অঙ্গনেও ড. মাহাদী আমিনের রয়েছে উজ্জ্বল অবস্থান। তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্রসেস এক্সেলেন্স অ্যান্ড ইনোভেশনে তথ্য-প্রযুক্তিগত উৎকর্ষ বিষয়ে শিক্ষক ও গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক থিংকট্যাঙ্ক ‘বাংলাদেশ পলিসি ফোরাম, ক্যামব্রিজ’-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন।
তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান আইবিএম, ব্রিটিশ টেলিকম, জাগুয়ার ল্যান্ড রোভার, ওয়েস্টফিল্ড এবং লন্ডন ডেভেলপমেন্ট করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে গবেষণার মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী ড. মাহাদী আমিন উচ্চশিক্ষা ও গবেষণায় অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ‘পলিটিক্যাল ইকোনমি অব পাবলিক পলিসি’ বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
তার অনুপ্রেরণাদায়ী শিক্ষাগত ও পেশাগত অর্জনকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাকে নিয়ে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণ করেছে।
চাঁদপুরের এই কৃতি সন্তানের সাফল্য শুধু নিজ এলাকার জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তার অর্জন নতুন প্রজন্মকে শিক্ষা, গবেষণা ও নেতৃত্বের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

























